নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
তবে এবারের একুশে ফেব্রুয়ারিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ-এর নামে পুষ্পস্তবক অর্পণের ঘটনা।

স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় নির্দেশনার আলোকে পূর্বধলা উপজেলার জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে দলটির একাংশ পুষ্পস্তবক অর্পণ করে। সংগঠনটি নিষিদ্ধ ঘোষিত হওয়ায় কোনো নেতাকর্মীকে প্রকাশ্যে দলীয় ব্যানার নিয়ে উপস্থিত হতে দেখা যায়নি। তবে শহীদ মিনারের বেদীতে দলটির নামে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এদিকে, পূর্বধলা সদরের প্রধান সড়কগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ থাকলেও বিষয়টি নিয়ে উপস্থিত সাধারণ মানুষ ও অন্যান্য রাজনৈতিক কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

অন্যদিকে, সাবেক ছাত্রলীগ নেতা আমানুর রশিদ খান জুয়েলের নেতৃত্বে পূর্বধলা উপজেলার বিভিন্ন স্থানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়। দিনব্যাপী বিভিন্ন এলাকায় আলোচনা সভা, শ্রদ্ধা নিবেদন এবং ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।


